You are currently viewing নদীর বিদ্রোহ প্রশ্ন উত্তর | দশম শ্রেণি বাংলা

নদীর বিদ্রোহ প্রশ্ন উত্তর | দশম শ্রেণি বাংলা

আমাদের আজকের আলোচ্য বিষয় দশম শ্রেণির বাংলা বিষয়ে পাঠ্য মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ গল্পের প্রশ্নোত্তর। আমরা এর আগে সাহিত্য সঞ্চয়ন বই থেকে অন্যান্য নানা পাঠ্যের আলোচনা করেছি। আজকের আলোচনায় আমরা এই গল্প থেকে প্রাসঙ্গিক তথ্য ও নানা প্রশ্নোত্তর দেখে নেব। তোমাদের অন্যান্য পাঠ্যের প্রশ্নোত্তর পেতে এই পেজের একেবারে নীচে দেখো।

নদীর বিদ্রোহ – প্রাসঙ্গিক তথ্য

১. উৎস – ‘সরীসৃপ’ গল্পগ্রন্থ
২. গল্পের কেন্দ্রীয় চরিত্রটি হল নদেরচাঁদ।
৩. নদেরচাঁদের বয়স ত্রিশ বছর। নদেরচাঁদ পেশায় ছিল স্টেশন মাস্টার।

এককথায় প্রশ্নোত্তর

১. নদেরচাঁদ রওনা করিয়ে দিয়েছিল কোন ট্রেনটিকে ?
উঃ চারটে পঁয়তাল্লিশের প্যাসেঞ্জার

২. ‘নূতন সহকারীকে ডাকিয়া বলিল’ – নদেরচাঁদ কী বলেছিল ?
উঃ আমি চললাম হে !

৩. গল্প অনুসারে টানা কতদিন বৃষ্টি চলেছিল ?
উঃ পাঁচদিন

৪. টানা পাঁচদিন বৃষ্টি হবার পর বৃষ্টি থেমেছে কখন ?
উঃ বিকেলে

৫. নদেরচাঁদ নদীকে দেখেনি কত দিন ?
উঃ পাঁচদিন

৬. নদেরচাঁদের বয়স কত ?
উঃ ত্রিশ বছর

৭. নদেরচাঁদের সঙ্গে নদীটির কতদিনের চেনাশোনা ?
উঃ চার বছরের

৮. স্রোতের মধ্যে নদেরচাঁদ কী ছুঁড়েছিল ?
উঃ একটি পুরনো চিঠি

৯. চিঠিটি নদেরচাঁদ কাকে লিখেছিল ?
উঃ তার স্ত্রীকে

১০. স্ত্রীকে লেখা নদেরচাঁদের চিঠিটিকেমন ছিল ?
উঃ বিরহ-বেদনাময়

১১. স্ত্রীকে লেখা নদেরচাঁদের চিঠিটি কত পৃষ্ঠার ছিল ?
উঃ পাঁচ পৃষ্ঠার

১২. ‘তারপর বৃষ্টি নামিল’ – কতক্ষণ বিশ্রামের পর বৃষ্টি নেমেছিল ?
উঃ তিন ঘন্টা

১৩. ‘তাহাকে বিশ্বাস নেই’ – ‘তাহাকে’ বলতে কাকে বোঝানো হয়েছে ?
উঃ নদীকে

১৪. নদেরচাঁদকে পিষে দিয়েছিল কোন ট্রেনটি ?
উঃ ৭ নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন

ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর

১. “নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে।”- কে বুঝতে পেরেছে? ‘নদীর বিদ্রোহ’ বলতে সে কী বোঝাতে চেয়েছে?

উত্তরঃ ‘নদীর বিদ্রোহ’ গল্পে আমরা দেখি ছোটোবেলা থেকেই নদেরচাঁদের সমস্ত কিছু নদীকে ঘিরেই গড়ে উঠেছে। নদীর ভাষা সে বুঝবে এটাই স্বাভাবিক। বর্ষণ-পুষ্ট উত্তাল নদীকে সে ক্ষিপ্ত ও বিক্ষুব্ধ বলে চিনতে পেরেছিল। মানুষের তৈরি বাঁধ এবং ব্রিজ নদীকে শীর্ণকায় করে তোলায় নদী যে তাতে ক্ষুব্ধ, নদীর বিদ্রোহের, কারণ নদেরচাঁদ তার সংবেদনশীল মন দিয়ে তা উপলব্ধি করেছিল। মানুষের প্রযুক্তির কাছে অবদমিত প্রকৃতি যেন নদীর মাধ্যমে প্রতিশোধ নিতে চাইছে। নদেরচাঁদ বুঝেছিল, প্রকৃতির প্রতি মানুষের অবিচারই মানব সভ্যতাকে একদিন ধ্বংসের মুখে ঠেলে দেবে।

নদেরচাঁদ সংবেদনশীল মানুষ। নদীকে নিয়ে তার কৌতূহল পাগলামির পর্যায়ের হলেও নদীকে নিয়ে তার অন্তর্দৃষ্টি তাকে অনন্য পূর্ব সিদ্ধান্তে উপনীত করে। প্রযুক্তি ও বিজ্ঞানের বলে বলীয়ান দাম্ভিক মানুষ  যেভাবে প্রকৃতিকে বশে আনতে নদীর বুকে ব্রিজ বানিয়েছে, বাঁধ বেঁধেছে – এই অন্যায়ের প্রতিবাদ যেন ধ্বনিত হয় নদীর গর্জনে, সবকিছুকে ভেঙে ফেলার চেষ্টায়। নদীর এই কাজকে যেন সমর্থন করে চলে প্রকৃতির বৃষ্টি, মেঘ ও অন্ধকার। প্রকৃতির এইসব আয়োজনের দিকে লক্ষ রেখে নদীর বিদ্রোহকে নদেরচাঁদ অন্তরাত্মা দিয়ে অনুভব করেছে।

২. “নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে।”- কার কথা বলা হয়েছে ? তার ‘পাগলামিটি’ কী ? তার আনন্দ উপভোগের কারণ কী ?

উত্তরঃ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাকার মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ‘সরীসৃপ’ গ্রন্থের নয় সংখ্যক গল্প “নদীর বিদ্রোহ” থেকে প্রশ্নোক্ত তাৎপর্যপূর্ণ অংশটি চয়ন করা হয়েছে। প্রশ্নোক্ত অংশে নদী প্রেমিক স্টেশনমাস্টার নদেরচাঁদের পাগলামির কথা বলা হয়েছে।

নদী-অন্তপ্রাণ নদেরচাঁদ নদীর সাথে এক অবিচ্ছেদ্য আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছে। স্টেশনমাস্টারের মতো এক গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পালন করা সত্ত্বেও একদিনও নদীকে না দেখে থাকা নদেরচাঁদের পক্ষে সম্ভবপর ছিলনা। পাঁচদিন অবিরাম বর্ষণের পরবর্তিতে নদীর উত্তাল রূপ কল্পনাকারী নদেরচাঁদের নদীর কাছে ছুটে যাওয়ার ঘটনাকেই প্রশ্নোক্ত অংশে ‘পাগলামি’ বলে অভিহিত করা হয়েছে।

বর্ষণ মুখর উন্মত্ত নদীস্রোত দেখে নদেরচাঁদ স্তম্ভিত হয়ে যায়- “জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল।” নদীর ভয়াল রূপে আনন্দের বহিঃপ্রকাশ দেখে – “নদেরচাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল।” আর তখনই সে শিশুসুলভ ঔৎসুক্য দেখিয়ে তার পকেট থেকে দুই দিনের প্রচেষ্টায় তার স্ত্রীকে লেখা পাঁচ পৃষ্ঠা ব্যাপী পত্রটি টুকরো টুকরো করে ছিঁড়ে চঞ্চল নদীস্রোতে ভাসিয়ে দেয়। বৃষ্টিতে ভিজতে ভিজতে সে তার সমগ্র সত্তা দিয়ে নদীকে উপলব্ধি করতে সক্ষম হয়। এই ভাবেই গল্পের কেন্দ্রীয় চরিত্র নদেরচাঁদ তার আত্মার আত্মীয় নদীর খরস্রোতা রূপ দেখে আনন্দ উপভোগ করে।

৩. ‘এই নদীর মতো এত বড়ো ছিল না’ – কোন্‌ নদীর কথা বলা হয়েছে ? সেই নদী কেমন ছিল ?

উত্তরঃ আলোচ্য অংশটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ‘নদীর বিদ্রোহ’ গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে গল্পের প্রধান চরিত্র নদেরচাঁদ যে গ্রামে বড় হয়ে উঠেছিল, সেই গ্রামের ছোটো নদীর কথা বলা হয়েছে।

নদেরচাঁদের গ্রামের নদীটি ছিল অপেক্ষাকৃত ছোট। কিন্তু কিশোর অবস্থায় নদেরচাঁদের ঐ নদীকে ছোটো বলে মনে হত না, তার দেশের সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি, অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই নদেরচাঁদের ভালোবাসা, মমতা পেয়েছিল। পরে বড় হয়ে একবার যখন নদেরচাঁদ নদীটিকে ক্ষীণস্রোত অবস্থায় দেখেছিল, তখন পরমাত্মীয় মারা গেলে যে রকম দুঃখ হয়, সে প্রকার দুঃখ পেয়েছিল। বলা যায়, দেশের নদীর সাথে নদেরচাঁদের একপ্রকার আত্মিক সম্পর্ক তৈরি হয়েছিল।

৪. “নদেরচাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল।” – উদ্ধৃতাংশটিতে কার কথা বলা হয়েছে? তার আমোদ হওয়ার কারণ কী?

উত্তরঃ উদ্ধৃতাংশটিতে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ‘নদীর বিদ্রোহ’ ছোটোগল্পের প্রধান চরিত্র নদেরচাঁদের কথা বলা হয়েছে।

স্টেশনমাস্টার নদেরচাঁদ নদী ভালোবাসে, সে প্রতিদিন বিকালে তার ষ্টেশনের পাশের নদীটিকে দেখতে যায়। পাঁচ দিন টানা বৃষ্টির ফলে সঙ্কীর্ণ, ক্ষীণস্রোতা নদীর চেহারা হয়েছে ভয়ংকর। ব্রিজের মাঝে বসা নদেরচাঁদের মনে হয় ‘ক্ষিপ্র নদী যেন ব্রিজের ধারক স্তম্ভগুলোতে বাধা পেয়ে ফেনিল আবর্ত’ সৃষ্টি করছে। নদীর জল এতটা উঁচুতে উঠে এসেছে যে যেন মনে হয় হাত বাড়ালেই ছোঁয়া যাবে। নদীর এইরূপ অবস্থা দেখে নদেরচাঁদের ভারি আমোদ হয়।

৫. “বড়ো ভয় করিতে লাগিল নদেরচাঁদের।” – নদেরচাঁদের ভয়ের কারণ কী ?

উত্তরঃ ‘নদীর বিদ্রোহ’ গল্পের প্রধান চরিত্র নদীপ্রেমী নদেরচাঁদ প্রতিদিন বিকালে নদীর সাথে দেখা করে। পাঁচ দিন টানা বৃষ্টির ফলে তাঁর পরিচিত সঙ্কীর্ণ, দুর্বল নদী পরিবর্তিত হয়েছে স্রোতস্বিনী তেজী নদীতে। নদীর এই ভয়ংকর রূপে মোহিত হয়ে রেলব্রিজের মাঝে বসে থাকে। মাঝে বৃষ্টি আসে, কিন্তু প্রকৃতিপ্রেমে আচ্ছন্ন নদেরচাঁদ বসে থাকে। এমনকি, সে এও ভুলে যায় যে তার থেকে মাত্র একটু নীচ দিয়েই ভয়াল বেগে বয়ে চলেছে নদী। ক্রমে দিনের আলো নিভে যায়, বৃষ্টির বেগ বৃদ্ধি পায়, আচমকা রেলের শব্দে সম্বিৎ ফিরে পায় সে। প্রকৃতির রুদ্ররূপ দেখে বিপদের আশঙ্কায় নদেরচাঁদের ভয় হয়।

৬. “নদীর ধারে তার জন্ম হইয়াছে”— কার কথা বলা হয়েছে ? এ কথা বলার কারণ কী ?

উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘নদীর বিদ্রোহ’ গল্পে নদেরচাঁদের কথা বলা হয়েছে।

এ কথা বলার কারণ: নদীকেন্দ্রিক জীবনে যারা অভ্যস্ত তাদের সঙ্গে নদীর সম্পর্ক বারোমাস। নদেরচাঁদ নদীকে না দেখে থাকতে পারেনা। সে নিজেও তা বোঝে, তবু নিজেকে সংযত করতে পারেনা। নদীর প্রতি তার ভালবাসার কারণ আছে। নদীর ধারে তার জন্ম হয়েছে। নদীর ধারেই সে শৈশব, বাল্য, কৈশোর কাটিয়েছে। তাই নদীর প্রতি ভালবাসা তার অদম্য।


আলোচক – নীলরতন চট্টোপাধ্যায়

অন্যান্য আলোচনা

প্রশ্নোত্তরের বিষয়LINK
জ্ঞানচক্ষুClick Here
অসুখী একজনClick Here
আয় আরো বেঁধে বেঁধে থাকিClick Here
আফ্রিকাClick Here
বহুরূপীClick Here
অভিষেকClick Here
সিরাজদৌল্লাClick Here
প্রলয়োল্লাসClick Here
পথের দাবীClick Here
অদল বদলClick Here
সিন্ধুতীরেClick Here
বাংলা ভাষায় বিজ্ঞানClick Here
অস্ত্রের বিরুদ্ধে গানClick Here
নদীর বিদ্রোহ

মন্তব্য লেখো

Leave a Reply